ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক দিনে দুই দফায় কমল স্বর্ণের দাম 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৬
এক দিনে দুই দফায় কমল স্বর্ণের দাম 

ফাইল ফটো

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় ওঠার পর তা পতনমুখী হয়েছে। বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুই দফায় স্বর্ণের দাম ১২ হাজার ১৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার সকালে প্রতি ভরি স্বর্ণে ৬ হাজার ৫৯০ টাকা এবং বিকেলে প্রতি ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়েছে। ফলে, দিন শেষে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায়। 

আরো পড়ুন:

এর আগের দিন রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য তালিকা সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, বিশ্ববাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। 

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৭২ ডলারে নেমে এসেছে; গত বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

দেশের বাজারে সর্বশেষ বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে রূপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

ঢাকা/নাজমুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়