ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে জামায়াতের সমাবেশ শুরু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারে জামায়াতের সমাবেশ শুরু

কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বক্তৃতা মঞ্চ

কক্সবাজার সদরের বাহারছড়া গোলচত্বরের বীর মুক্তিযোদ্ধা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।

সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও কক্সবাজার সদরসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। মাঠে দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আরো পড়ুন:

এর আগে গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শন করেন দলটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে পাঁচটি জনসভায় বক্তব্য রাখবেন। এসব জনসভা সফল করতে জেলার প্রতিটি প্রান্ত থেকে মানুষের ব্যাপক সমাগম ঘটবে।

তিনি আরো বলেন, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের কারণে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। এই সংকট থেকে উত্তরণে ইসলাম ও দেশপ্রেমিক শক্তির মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই।

এদিকে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিতব্য এই নির্বাচনী জনসভা সফল করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও সেক্রেটারি জাহিদুল ইসলাম।

বিবৃতিতে বলা হয়, আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা এবং দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে কক্সবাজার জেলাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, পর্যটনবান্ধব ও জ্ঞানচর্চার শহর হিসেবে গড়ে তোলার রূপকল্প এই জনসভার মাধ্যমে তুলে ধরা হবে।

এতে আরো বলা হয়, জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল অংশীজন এবং বিশেষভাবে কক্সবাজার শহরবাসীর সহযোগিতা কামনা করা হচ্ছে। জনসভার কারণে সাময়িক অসুবিধা হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখারও অনুরোধ জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা মুহাম্মদ শাহজাহানসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

টেকনাফ উপজেলা জামায়াতের নেতা শামসুল আলম বলেন, “বাংলাদেশ গভীর রাজনৈতিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, ন্যায়বিচার নেই। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ নেতৃত্বের বিকল্প নেই। সেই লক্ষ্যেই আমরা টেকনাফ থেকে দলে দলে আজকের জাতীয় সমাবেশে যোগ দিতে এসেছি।”

উখিয়া উপজেলা জামায়াতের নেতা ফাজলে হাসান বলেন, “আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, সে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলনের অংশ হিসেবে উখিয়ার নেতাকর্মীরা আজ এই সমাবেশে যোগ দিয়েছেন।”

রামু উপজেলা জামায়াতের নেতা ওবায়দুল্লাহ বলেন, “দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজকের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামু থেকে আমরা সংগঠিতভাবে এখানে এসেছি জনসভা সফল করার জন্য। ইসলামী মূল্যবোধ, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে।”

সর্বশেষ গত বছরের ৮ ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান।

ঢাকা/তারেকুর/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়