ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় জামায়াতের নারী কর্মীদের প্রচারে বাধার অভিযোগ

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়ায় জামায়াতের নারী কর্মীদের প্রচারে বাধার অভিযোগ

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা লিটনের বিরুদ্ধে

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনি প্রচারণায় বাধা ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতিকে হেনস্তার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দৌলতপুর কুষ্টিয়া-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বেলাল উদ্দিনের নির্বাচনী প্রচারণার সময় জেলা শিবিরের সাবেক সভাপতি খাজা আহাম্মেদসহ জামায়াতের দুই নারী কর্মীকে বাঁধা প্রদানসহ হেনস্থা করার ঘটনা ঘটেছে। 

আরো পড়ুন:

এ বিষয়ে খাজা আহাম্মেদ জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে সেখানে উল্লেখ করেন, সোমবার সকাল সাড়ে দশটার সময় ফিলিপনগর ইউনিয়নের পূর্ব বাহিরমাদি গ্রামে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপি মনোনীত প্রার্থী বাচ্চু মোল্লার কর্মী লিটন, নরশেদ, মিতুলসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন নির্বাচনী প্রচারণার কাজে বাঁধা প্রদান করে এবং নারী কর্মীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে। 

তিনি আরো উল্লেখ করেন, এ ঘটনার খবর পেয়ে আমি দুজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে তারা আমাদের ওপর চড়াও হয় এবং হত্যার উদ্দেশ্যে ছুটে আসে। 

এ বিষয়ে তৎক্ষণাৎ থানায় খবর দিলেও থানা পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলেও উল্লেখ করেন। 

কুষ্টিয়া-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বেলাল উদ্দীন বলেন, “আমার নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের বাঁধা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” 

এ বিষয়ে বিএনপির প্রার্থী রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, “জামায়াতের কর্মীরা ওই এলাকায় ভোট চাইতে গেলে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক লিটনের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে বলে শুনেছি।”

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “খাজা নামের শিবিরের ওই ছেলে পঞ্চাশটি মোটরসাইকেল নিয়ে এসে লিটনের বাড়ি ভাংচুর করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার কথা। তবে আমি যশোর থেকে ফিরছি তাই সঠিক বলতে পারছি না।” 

তবে যুবদল নেতা লিটনের বাড়ি ভাংচুরের সত্যতা এই রিপোর্ট লেখা প্রর্যন্ত পাওয়া যায়নি।

এ বিষয়ে দৌলতপুর থানার কর্মকর্তা ইয়ারুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। যেটা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ঢাকা/কাঞ্চন/ফিরোজ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়