ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পণ্য আমদানির তথ্য মিলবে এনবিআরের ওয়েবসাইটে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২৬
পণ্য আমদানির তথ্য মিলবে এনবিআরের ওয়েবসাইটে

এখন থেকে আমদানির তথ্য পাওয়া যাবে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে। সাধারণ মানুষসহ ব্যবসায়ী, গবেষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য এইচএসকোডভিত্তিক পণ্য আমদানির তথ্য উন্মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানায়।

আরো পড়ুন:

জাতীয় রাজস্ব বোর্ড থেকে জানানো হয়, বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের এসব তথ্য এনবিআরের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে। আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্য সহজলভ্য করার লক্ষ্যে দীর্ঘদিনের দাবি পূরণ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট nbr.gov.bd এর publication পোর্টালের customs লিংকে ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্যে এইচএসকোড ভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানি করা পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত বিস্তারিত উপাত্ত উপস্থাপন করা হয়েছে।

এনবিআর জানায়, এ উদ্যোগের ফলে আমদানি সংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরো সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ হবে। তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের জন্য নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ বাড়বে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, আমদানির প্রবণতা, মৌসুমি পরিবর্তন এবং বাণিজ্য কাঠামো বিশ্লেষণ সহজ হবে।

এনবিআর আরো জানায়, বন্ডেড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ, আমদানি নির্ভরতা এবং রপ্তানিমুখী শিল্পে সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নেও এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রেড ফ্যাসিলিটেশনের অংশ হিসেবে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশের এ ব্যবস্থা অব্যাহত থাকবে। নীতি প্রণয়ন ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণেও এসব উপাত্ত সহায়ক হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।

ঢাকা/নাজমুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়