বুধবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের উদ্দীপনা
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তারেক রহমানের জনসভা উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির সংবাদ সম্মেলন
প্রায় দুই দশক পর আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নতুন উদ্দীপনায় মেতে উঠেছে বরিশাল নগরীসহ জেলা ও বিভাগের বিএনপির নেতাকর্মীরা। দলের চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে ইতিমধ্যেই একাধিকবার বরিশাল নগরীতে আনন্দ র্যালি করেছেন বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের এ সফরকে সামনে রেখে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র জানায়, প্রায় ২০ বছর পরে আবারো বরিশাল সফরে তারেক রহমান। সবশেষ সফর করেছিলেন ২০০৬ সালে। তার এ সফরকে ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি। এরইমধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের সভা হয়েছে। সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহর নেতৃত্বে বরিশাল নগরীতে আনন্দ র্যালি বের করেন বিএনপি নেতাকর্মীরা। আজ সকালে একইভাবে নগরীতে আনন্দ র্যালি বের করা হয়।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “শুধু বিএনপির-অঙ্গ সংগঠনের নয়, সারা বরিশালবাসী জনসভার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, বুধবার সকাল ১১ টায় হেলিকাপ্টার যোগে বরিশাল পৌঁছাবেন তারেক রহমান। সকাল সাড়ে ১১টায় তিনি বেলস পার্ক ময়দানে এসে প্রধান অতিথির বক্তৃতা করবেন। দুপুর দেড়টায় তিনি ফরিদপুরের উদ্যেশ্যে বরিশাল ত্যাগ করবেন।
তারেক রহমানের নির্বাচনী জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তৃণমূল বিএনপিতে চলছে ব্যাপক তৎপরতা। বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, “নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের বরিশাল আগমন এ অঞ্চলের যে ২১টি আসন রয়েছে, সেই ২১টি আসনের বিজয়কে ত্বরান্বিত করবে।”
স্বাধীনতার ৫৫ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বরিশালের। সম্ভাবনা থাকলেও গুরুত্বের অভাবে উপকূলীয় এই এলাকা পিছিয়ে রয়েছে।
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, “একটা বিভাগকে কেন্দ্র করে যা যা উন্নয়নমূলক কাজ তা বিএনপি সরকার করে গেছে। সেই ধারাবাহিকতায় তার সন্তান হিসেবে, মায়ের অসমাপ্ত কাজ উনি সমাপ্ত করবেন, এটা আমরা বরিশালবাসী আশা করি।”
এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, “তারেক রহমান যখন বরিশালে আসবেন একেবারে শুরু থেকেই আমরা সভাস্থলে স্কেলিটন ডিউটি দিয়ে দেবো। তারপর সিটিএসবি এবং ডিবি টিম কাজ করবে। সঙ্গে আমাদের মোবাইল টহল বাড়ছে, আরো বাড়াবো।”
তারেক রহমানের এ সফর আগামী নির্বাচনে বিএনপির সাফল্যকে কতটা প্রভাবিত করতে পারে, এখন দেখার বিষয় সেটাই।
ঢাকা/রেজাউল/ফিরোজ