গৌরনদীতে ট্রাকে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত ৬
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনা কবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স।
ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দিয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্স। এ ঘটনায় আহত হয়েছেন দুই যানে থাকা ছয়জন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাসতাপালে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিশুর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল। গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাককে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্স ও ট্রাকের চালকসহ ছয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/পলাশ/মাসুদ