ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধানের শীষে ভোট দিয়ে আ.লীগকে নিরাপদে থাকতে বললেন বিএনপি প্রার্থী

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৩ ফেব্রুয়ারি ২০২৬  
ধানের শীষে ভোট দিয়ে আ.লীগকে নিরাপদে থাকতে বললেন বিএনপি প্রার্থী

নির্বাচনি পথসভায় বক্তব্য দেন কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী

কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ধানের শীষে ভোট দিয়ে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এ সব কথা বলেন।

আরো পড়ুন:

শাহজাহান চৌধুরী বলেন, “জনসেবা, রাষ্ট্রসেবা ও মানুষের খেদমতে আমাদের চেয়ে ভালোভাবে আর কোনো দল কাজ করতে পারবে না। আজ আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের বন্ধুদের বলছি, আমরাও স্বাধীনতার পক্ষের শক্তি। আমাদের ভোট দিন, ধানের শীষে ভোট দিয়ে আপনারা নিরাপদে থাকুন। এতে কোনো অসুবিধা হবে না।”

তিনি আরো বলেন, “আমি আপনাদের ভোটকেন্দ্রে যাওয়ার নিমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণে নিষেধ করেছে, কিন্তু ভোট দিতে নিষেধ করেনি। সুতরাং যোগ্য নাগরিক হিসেবে আপনারা ভোট দিতে যাবেন।”

পথসভায় জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবের আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর বলেন, “নৌকা ছাড়া কিসের ভোট? যেখানে আওয়ামী লীগের নৌকা নেই, সেখানে কোনো ভোট নয়।”

ঢাকা/তারেকুর রহমান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়