ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছি: চরমোনাই পীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৬
পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছি: চরমোনাই পীর

দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝুঁকি নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন (নবীনগরে) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম নজুর সমর্থনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

চরমোনাই পীর বলেন, “ভালো নীতি ও নেতা ছাড়া জাতির কোনো মুক্তি নেই। সবাই জানে, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই মাত্র বাক্স যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য এবং মানুষের মুক্তির জন্য এগিয়ে যাচ্ছে। কারণ বিগত সময়ের মতো হাজার হাজার মায়ের কোল খালি হোক ও বিদেশে অর্থ পাচার হোক তা ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না। তাই পরিবর্তনের জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় ঝুঁকি নিয়ে এককভাবে ইসলামের পক্ষে হাত পাখা প্রতীক নিয়ে ২৫৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।”

তিনি বলেন, “সবাই আমাদের একা ভাবলেও আমাদের সঙ্গে আল্লাহ, ইসলাম প্রেমী ও দেশ প্রেমিকদের ভালোবাসা আছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হবে।”

রেজাউল করীম বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নিচ্ছে, প্রথমে দলগুলোর আদর্শ দেখতে হবে সবাইকে। বিএনপি ও বিএনপির জোট প্রচলিত গণতন্ত্রের যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়—সে নীতি আদর্শ অনুযায়ী, বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে জামায়াত আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কার বলেছেন, তারা ক্ষমতায় গেলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। বরং দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। এখন প্রচলিত আইন ও নীতি আদর্শের মাধ্যমে আবারো দেশ পরিচালিত হলে দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি ও শান্তি পাবে না।”

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়