ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শীতল শহরে ‘রইদ’ উঠেছে রটারডামে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬
শীতল শহরে ‘রইদ’ উঠেছে রটারডামে

বাঁধন, তুষি, নাসিরউদ্দিন খান ও মম (বাঁ থেকে)

নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডামে একসঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। গত ২৯ জানুয়ারি শুরু হওয়া উৎসবটি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই আসরে দেশের উল্লেখযোগ্য চার তারকা সরাসরি উপস্থিত থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। 

এবারের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনটি ভিন্ন বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিন সিনেমা—‘রইদ’, ‘মাস্টার’ ও ‘দেলুপি’। এমন বৈশ্বিক কোনো উৎসবে এই প্রথম একসঙ্গে তিনটি বাংলাদেশি সিনেমা নির্বাচিত হওয়া দেশের চলচ্চিত্রের জন্য উল্লেখযোগ্য একটি অর্জন। 

আরো পড়ুন:

উৎসবের মূল আকর্ষণ টাইগার কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি। সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিয়ে পুরো টিম এখন রটারডামে অবস্থান করছে। 

রটারডাম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে তুষি লিখেছেন, “হিম হয়ে যাওয়া শীতল শহরে, ‘রইদ’ উঠেছে রটারডামে…।” 

অন্যদিকে উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়ছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘মাস্টার’। সিনেমাটির টিমের সঙ্গে উৎসবে যোগ দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। 

উৎসব চলাকালে প্রতিদিনই নিজের অভিজ্ঞতা ও নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন বাঁধন। বিভিন্ন ছবিতে তার সঙ্গে দেখা গেছে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতসহ অভিনয়শিল্পী নাসিরউদ্দিন খান ও জাকিয়া বারী মমকে। 

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডামে মম, বাঁধনসহ অন্যরা


এদিকে, উৎসবের ব্রাইট ফিউচার বিভাগে জায়গা করে নিয়েছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত সিনেমা ‘দেলুপি’। নতুন ধারার ও স্বাধীন চলচ্চিত্রকে তুলে ধরার এই বিভাগে ‘দেলুপি’ এর নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীন সিনেমার সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে। 

রটারডামের মঞ্চে একসঙ্গে তিনটি বাংলাদেশি সিনেমার উপস্থিতি দেশের চলচ্চিত্র শিল্পের অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়