ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিটিভিতে দলীয় প্রধানদের ভাষণ সম্প্রচারের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৬  
বিটিভিতে দলীয় প্রধানদের ভাষণ সম্প্রচারের উদ্যোগ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) লগো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। 

আরো পড়ুন:

তিনি বলেন, “দলীয় প্রধানদের ভাষণ সম্প্রচারের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। অনুমোদন পেলে বিটিভি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। কীভাবে সমন্বয় করা হবে এবং দলগুলোর আবেদনের বিষয়টি কীভাবে বিবেচনা করা হবে- তা বিটিভিই নির্ধারণ করবে।”

এবারের নির্বাচনে মোট ৫১টি দল অংশ নিচ্ছে। নিবন্ধিত এসব দলের মধ্যে কোন দলের প্রধান কখন এবং কোন দিনে ভাষণ রেকর্ড করে সম্প্রচার করা হবে- সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

এ বিষয়ে বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, “দলীয় প্রধানদের ভাষণ সম্প্রচারের বিষয়ে সব নির্দেশনা নির্বাচন কমিশন দেবে। এখনো চূড়ান্ত নির্দেশনা পাইনি। চিঠি পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।” নীতিমালাও ইসি নির্ধারণ করে দেবে বলে জানান তিনি। 

তিনি বলেন, “ভোটে অংশ নেওয়া দলগুলো আবেদন করুক বা না করুক—তাতে কিছু যায় আসে না। আমরা যে নির্দেশনা পাব, সে অনুযায়ী দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।”

এর আগে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনের শেষ সময় প্রধান কয়েকটি রাজনৈতিক দলের প্রধানদের ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়েছিল। একই ধারাবাহিকতায় ২০১৩ সালের দশম সংসদ নির্বাচনের আগেও ভাষণ প্রচার করা হয়। সে সময় এ সংক্রান্ত একটি নীতিমালাও চেয়েছিল তৎকালীন বিটিভি কর্তৃপক্ষ।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ঢাকা/এমএসবি/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়