কেন্দ্র দখলে আসলে হাত-পা ভেঙে বেঁধে রাখবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকার দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: রায়হান হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “১২ তারিখে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করবে, কেন্দ্র দখলের চিন্তা করবে পুরো বাংলাদেশের জনগণকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি। কেন্দ্র দখল যেই করতে আসবে, তার হাত-পা দুইটাই ভেঙে পিলারের সঙ্গে বেঁধে রাখবেন। কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না।"
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ঢাবিতে গিয়ে এক দলের কর্মী মাদক সেবন করছেন, যদি বেশি খেতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার পানি খান, তবে মাদক সেবন করবেন না। এখানে মাদক সম্রাট নামে যিনি রয়েছেন তাকে কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে না দিতে আহ্বান জানাব। সেই কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার ওপরেই আঘাত করবে। এজন্য কর্মীদের মাদক থেকে দূরে রাখুন।”
এনসিপির এই নেতা বলেন, “জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে, আমরা ক্রাউড ফান্ডিং করেছি। সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার, পোস্টার এগুলো লাগাচ্ছি। এরই মধ্যে রাতের আঁধারে সেগুলো খুলে নিয়ে যাচ্ছে। আমরা এটাও শুনতে পাচ্ছি, নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।”
তিনি বলেন, “আমাদের ব্যানারগুলো রাতের বেলায় ছিঁড়ে ফেলছে তারা। নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে ২০টা বিলবোর্ডের, কিন্তু এখানে একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগিয়েছেন। এই টাকাগুলো কোথা থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা এটা প্রশ্ন রাখতে চাই।”
ঢাকা/রায়হান/মাসুদ