ঢাবিতে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন আল-আমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আল-আমিন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এবং বাণিজ্য অনুষদের সিনিয়র প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার স্বাক্ষরিত এক চিঠিতে পদোন্নতির বিয়টি উল্লেখ করা হয়।
অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়,“ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনার যোগ্য নেতৃত্বে বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে।”
এদিকে, গত বছরের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের নির্বাহী কমিটির এক সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
সাদা দল হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন।
অধ্যাপক আল-আমিন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের অন্যতম সদস্য, বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআর পাওয়ারজেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ইউট্যাবের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাদা দলের সাধারণ সভায় ২০২৫-২৬ সালের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হয়। আহ্বায়ক নির্বাচিত হন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. আবদুস সালাম (দক্ষিণ) এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার (উত্তর)।
ঢাকা/এনটি/এসবি