ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬
রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোস্ট গার্ড অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে কোস্ট গার্ড আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আরো পড়ুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না।”

তিনি বলেন, “নিবার্চনে যারা নীতি বিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন‍্যায় কাজ করবে, দায়িত্ব এড়িয়ে চলবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কোস্ট গার্ড সদস্যদের অবদান তুলে ধরে উপদেষ্টা বলেন, “উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে কাজ করছে।”

তিনি জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে উপদেষ্টা বলেন, “দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে।”

অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়।

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন উপলক্ষে কিছু সহিংসতা হচ্ছে কিন্তু এটি বাড়ছে না। অন্যান্য জাতীয় নির্বাচনের তুলনায় সহিংসতার হার অনেক কম। আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “যে কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে তার বেশিরভাগই রাজনৈতিক দলগুলোর আন্তঃকোন্দল ও গ্রুপিংয়ের কারণে হয়েছে- যেটা দমন করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে একটু কঠিন। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।”

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়