ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাড়াইলে মাদকাসক্ত ছেলের হা‌তে বাবা খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৬  
তাড়াইলে মাদকাসক্ত ছেলের হা‌তে বাবা খুন

বাবাকে হত্যার অভিযোগে আটক জুয়েল মিয়া

কিশোরগঞ্জের তাড়াইলে নেশার টাকার জন‌্য মাদকাসক্ত ছেলে হত‌্যা ক‌রে‌ছে তার বাবা‌কে। এই মর্মান্তিক ঘটনা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে তাড়াইল–সাচাইল ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

আরো পড়ুন:

নিহত রমজান আলী (৪৫) গ্রা‌মের মৃত আব্দুল জব্বার ছে‌লে।

পুলিশ জানায়, তার বড় ছেলে জুয়েল মিয়া (২৫) ধারালো দা দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলেই জুয়েল মিয়াকে হাতেনাতে আটক করে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, নিহত রমজান আলীর ঘরে দ্বিতীয় স্ত্রীসহ তিন ছেলে ও একটি মেয়ে রয়েছে। মাদকাসক্ত জুয়েল মিয়া ছোটবেলা থেকেই তার মায়ের (রমজান আলীর প্রথম স্ত্রী) স‌ঙ্গে ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার আশুগঞ্জে বসবাস করত। তবে মাঝে মধ্যে সে বাবার বাড়িতে আসত। ঘটনার দিনও সে নেশার টাকা দাবি ক‌রে বাবার কা‌ছে। টাকা না দেওয়ায় দুজ‌নের ম‌ধ্যে ঝগড়ার এক পর্যা‌য়ে দা নি‌য়ে বাবার ওপর হামলা ক‌রে জুয়েল।

এদিকে ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওসি আরো জানান, জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা না পে‌য়ে সে বাবা‌কে হত‌্যা ক‌রে‌ছে ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/রুমন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়