লক্ষ্মীপুরে সিলসহ আটক ব্যক্তি জামায়াতের কেউ নন: জেলা জামায়াত
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরে বিএনপির অভিযোগের জবাবে জেলা জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি: রাইজিংবিডি
লক্ষ্মীপুরে ভোটের ৬টি সিলসহ আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী দাবি করে বিএনপি সংবাদ সম্মেলন করার পর এ বিষয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত। দলটির নেতারা দাবি করেছেন, আটক সোহেল জামায়াতের কোনো কর্মী নন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সোহেল রানাকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে ‘মিথ্যাচার’ করা হয়েছে। এসময় বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। এছাড়া লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ।
রেজাউল করিম বলেন, সিলসহ আটকের ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন। প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তদন্ত ছাড়াই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ তোলা একটি দলের ‘মুদ্রাদোষে’ পরিণত হয়েছে। এতে আইনের ব্যত্যয় ঘটে এবং একটি দলের মর্যাদা ক্ষুণ্ন হয়। পাশাপাশি প্রকৃত দোষীরা আড়াল হয়ে যায়।
তিনি আরো বলেন, আটক সোহেল জামায়াতের কেউ নন। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, প্রশাসন তদন্ত করে তা বের করবে। এমন ঘৃণিত ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান এবং চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ। লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী ও জেলা কমিটির সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহর নাম উল্লেখ করা হলেও তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, একই দিন রাত সাড়ে ৭টার দিকে বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলসহ আটক সোহেলকে জামায়াত কর্মী বলে দাবি করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্স থেকে ভোটে ব্যবহৃত ৬টি সিল, একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটারসহ সোহেল রানাকে আটক করে পুলিশ।
ঢাকা/লিটন/ফিরোজ