ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাল বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:১১, ৫ ফেব্রুয়ারি ২০২৬
কাল বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

আরো পড়ুন:

শায়রুল কবীর খান বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ইশতেহার প্রকাশ করা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা ও জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি থাকবে ইশতেহারে। 

ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসন বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামো গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হবে। পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে দলের অবস্থান উল্লেখ করা হবে। 

এ ছাড়াও ইশতেহারে আলেম-ওলামা, কৃষক ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বিশেষ অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিতব্য ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ঢাকা/আলী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়