এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) ভিপির পর এবার ছাত্রদলে যোগ দিয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। এরপর এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে আলাপকালে ইয়াসিন আল মৃদুল নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ও মতাদর্শের সঙ্গে আমার চিন্তার মিল পাওয়ায় আমি এই দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছি।”
গকসু ভিপি বলেন, “বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, চিন্তাধারা ও রাজনৈতিক দর্শনের সঙ্গে আমার আদর্শের একটি সুস্পষ্ট মিল খুঁজে পাই। তার সঙ্গে কথা বলা ও সরাসরি দেখা করার পর তার কথাবার্তা এবং রাজনৈতিক মতাদর্শ আমার কাছে অত্যন্ত প্রশংসনীয় ও গ্রহণযোগ্য মনে হয়েছে। এই মিল থেকে আমি মনে করেছি—এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।”
গত বছরের সেপ্টেম্বরে প্রায় সাত বছর পর সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হয়েছিলেন।
ঢাকা/সাব্বির/রাজীব