ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যথেষ্ট প্রমাণ থাকায় রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাকে গ্রেপ্তার: ডিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬
যথেষ্ট প্রমাণ থাকায় রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাকে গ্রেপ্তার: ডিবি

ছরওয়ারে আলম। ফাইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকডের ঘটনায় যথেষ্ট প্রমাণ পাওয়ায় রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

একই সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমতি নিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের ঘটনায় জড়িত থাকার যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ছরওয়ারে আলমের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে হ্যাকিংয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।”

তিনি জানান, বঙ্গভবনের একটি দাপ্তরিক ইমেল থেকে একটি 'ফিশিং' ইমেল পাঠানো হয়েছিল। এই ইমেলের সঙ্গে থাকা একটি ফাইল ওপেন করার পর আইডিটি হ্যাক করা হয়।

জামায়াতের আমিরের ‘এক্স’ হ্যান্ডেল ব্যবহার করে ‘নারী বিদ্বেষী’ এক পোস্ট ঘিরে গত কয়েকদিন ভোটের প্রচারের মধ্যে রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার দিকে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়।

এ ঘটনায় হাতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এছাড়া, গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতের একটি প্রতিনিধি দল সরাসরি বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়। তারা ২৪ ঘণ্টার মধ্যে হ্যাকারদের শনাক্ত করার দাবি জানিয়েছিল। এরপরই ডিবি পুলিশ বঙ্গভবনের ওই  কর্মকর্তাকে আটক করে এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়