গোপালগঞ্জ–৩: আওয়ামী দুর্গে ত্রিমুখী লড়াইয়ের আভাস
বাদল সাহা, গোপালগঞ্জ || রাইজিংবিডি.কম
(বাঁ থেকে) বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং অপর স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তাপ বাড়ছে ‘আওয়ামী লীগের দুর্গ’ খ্যাত গোপালগঞ্জ–৩ আসনে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা।
এ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। প্রার্থীদের টার্গেট এখন আওয়ামী লীগের ভোট। নানা প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছেন তারা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-০৩ আসন। এ আসনে দুটি উপজেলা ছাড়াও রয়েছে দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন। এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪০৩ জন ও নারী ভোটার রয়েছে ১ লাখ ৫০ হাজার ৩৮০ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র একজন। ভোটকেন্দ্র রয়েছে ১০৮টি।
আসনটি স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ আসন থেকে বার বার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারিয়েছেন জামানত।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ভিন্ন বাস্তবতায়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় তাদের ঐতিহ্যগত ‘ভোটব্যাংক’ কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
আসনটিতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬ জন দলীয় এবং দুজন স্বতন্ত্র প্রার্থী। মাঠ পর্যায়ের গণসংযোগ ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রধান আলোচনায় থাকা তিন প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব ও অপর স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচার প্রচারণার দৌড়ঝাঁপ ততই বেড়েছে। দিনরাত আসনটির বিভিন্ন এলাকায় গণসংযোগ, সভা, সমাবেশ ও পথসভা করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। বিশেষ করে আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা।
ভোটাররা বলেছেন, গোপালগঞ্জ–৩ আসন ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের ঘাঁটি। ফলে দলটি নির্বাচনে না থাকলেও তাদের ভোটব্যাংক যেদিকে যাবে মূলত সেখানেই ফলাফলের পাল্লা ভারি হবে। তবে এসব ভোটারের বড় একটি অংশ এখনো সিদ্ধান্তহীন। সুষ্ঠু নির্বাচন হলে এবং আওয়ামী লীগের ঐতিহ্যগত ভোটাররা কেন্দ্রে গেলে- যে প্রার্থী তাদের ভোট পাবেন তিনিই বিজয়ী হবেন। এই আসনে আদর্শের চেয়ে ভোটব্যাংক বেশি গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ভোট যে প্রার্থীর ব্যালটে পড়বে তাতেই নির্ধারিত হবে কে হবেন আগামী সংসদ সদস্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এস এম জিলানী বলেন, “বিগত কয়েকটি নির্বাচনে ভোটারা তাদের ভোটাধিবার প্রয়োগ করতে পারেনি। এমনকি বিএনপিও রাজনীতি করতে পারেনি এলাকায়। তবে ৫ আগস্ট স্বৈরাচার সরকারে পতনের পর বিএনপি নির্বিঘ্নে রাজনীতি করতে পারছে। বিষয়টি ভোটের মাঠে ভোটারদের আশ্বাস্ত করে তুলছে। এবারের নির্বাচনে ভোটারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। এতে বিএনপি জয়লাভ করবে।”
স্বতন্ত্রপ্রার্থী হাবিবুর রহমান বলেন, “এ আসনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান। ফলে এ আসনটি আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। তাই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণ শুরু করেছি। প্রতিনিয়ত আমি ভোটরদের দ্বারে দ্বারে যাচ্ছি। তাদের ভোটকেন্দ্রে যেতে আহ্বান জানাচ্ছি। আমি নির্বাচিত হলে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ, স্বাস্থ্যখাতে উন্নয়ন, বেকার সমস্যা সমাধানে কাজ করব। যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি জয়লাভ করব।”
অপর স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “আমি মানুষের জন্য কাজ করতে এ আসনে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে ৫ আগস্ট ও ১৬ জুলাইয়ের ঘটনার পর যে সব মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, তা বন্ধে কাজ করব। এলাকার উন্নয়নে কাজ করব। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশের সমর্থন আমার পক্ষে রয়েছে। আশা করি আমি এ আসন থেকে জয়লাভ করব।”
সব মিলিয়ে, গোপালগঞ্জ–৩ আসনে এবারের নির্বাচন হতে যাচ্ছে ব্যতিক্রমী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটারদের আচরণ, সংখ্যালঘু ভোটের সমীকরণ এবং দলীয় বনাম স্বতন্ত্র প্রার্থীদের শক্ত অবস্থান- সবকিছু মিলিয়ে এই আসনের ফলাফল জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ঢাকা/এস