খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন ৪ জুলাই
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৪ জুলাই ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার এ মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।
এদিন মামলার বাদী এ বি সিদ্দিকী আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী এ তথ্য জানান।
গত ২০ মার্চ মামলাটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত বছরের ২৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে মামলাটি করেন। গত বছরের ৩০ জুন অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা না চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশে কোনো উন্নতি হয় নাই। সারা দেশে উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট হয়েছে। এছাড়া, আওয়ামী লীগ দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে।’
এদিকে, তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, খালেদা জিয়া তার বক্তব্যের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমালোচনা ও মানহানিকর বক্তব্য প্রদান করে সরকারের ভাবমূর্তি জনসমক্ষে ক্ষুণ্ন করাসহ সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছেন।
রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/মামুন খান/রফিক
রাইজিংবিডি.কম
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে