ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে কি না তা নিয়ে দ্বিধা ছিল। তবে ভারতের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ঢাকায় আসার পর তার পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল টিম। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের জানিয়েছেন, দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে দ্রুত সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া চলছে।

দেবী শেঠি সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক এবং প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ।

এর আগে রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ওবায়দুল কাদেরের অবস্থা পর্যবেক্ষণ করে।

সোমবার সকালে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে। তিনি কথা বলছেন। উনার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড সব বিবেচনা করে ঠিক করবেন লাইফ সাপোর্ট কখন খোলা হবে।

হৃদরোগে আক্রান্ত হয়ে ওবায়দুল কাদের রোববার সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার এনজিওগ্রাম করা হয়েছে। হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। একটিতে রিং বসানো হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৯/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়