ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ দল থেকে হেলসকে প্রত্যাহার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপ দল থেকে হেলসকে প্রত্যাহার

ক্রীড়া ডেস্ক: ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় কদিন আগে ২১ দিনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অ্যালেক্স হেলস। সদ্য পাওয়া এ নিষেধাজ্ঞার কারণে এবার ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে জায়গা হারিয়েছেন তিনি। দলের সুষম পরিবেশ ও সমর্থকদের ক্ষোভ দূর করতে ১৫ সদস্যের দল থেকে হেলসকে বাদ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সম্প্রতি এক মাদক পরীক্ষায় ধরা পড়েন হেলস। দল ঘোষণার সময় ব্যাপারটি অজানা ছিল ইংল্যান্ডের নির্বাচকদের। দ্বিতীয় পরীক্ষাতেও মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় তিন সপ্তাহের নিষেধাজ্ঞা পান হেলস। বিশ্বকাপ দল ঘোষণার পরপরই নটিংহ্যামশায়ারের রয়্যাল লন্ডন কাপের দল থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন তিনি। এবার সমালোচনা এড়িয়ে নির্ভেজাল বিশ্বকাপের জন্য তাকে দল থেকে বাদ দিয়েছে বোর্ড।

হেলসকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার পর ইসিবির প্রধান অ্যাশলে গিলস বলেন, ‘আমি এটা পরিস্কার করতে চাই যে, ইংল্যান্ডের একজন ক্রিকেটার হিসেবে হেলসের ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। ইসিবি সর্বদাই তার পাশে রয়েছে। পেশাদার ক্রিকেটার হিসেবে তাকে সমর্থন দেওয়ার জন্য বোর্ড ও ক্লাব নটিংহ্যামশায়ার তাকে সবধরনের সহায়তা করবে।’

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে হেলসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অ্যাশলে গিলস বলেন, ‘দলে সঠিক পরিবেশ তৈরির জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। গুরুত্বপূর্ণ সময়ে দলের সাফল্যের জন্য বিভাজন দূর করে দলের প্রয়োজন অনুযায়ী সেরাটা করা হচ্ছে। এ সিদ্ধান্তের জন্য আমরা লম্বা সময় বেশ গুরুত্বের সঙ্গে ভেবেছি।’

ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট, ৭০ ওয়ানডে এবং ৬০ টি-টোয়েন্টি খেলেছেন হেলস।

আগামী ২৩ মে পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই বিশ্বকাপ দলে বদল আনতে পারবে কোনো দল। এরই অংশ হিসেবে দলের কালিমা দূর করতে হেলসকে সরিয়ে দিয়েছে ইসিবি।

আগামী ৩ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুম শুরু হবে। পরে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে ২০১৯ বিশ্বকাপের স্বাগতিকরা।



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়