ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে খেলা হচ্ছে না মালিকের

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে খেলা হচ্ছে না মালিকের

শোয়েব মালিক

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ৫ মে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। কিন্তু এই ম্যাচে খেলা হচ্ছে না অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের। এমনকী পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিও মিস করবেন তিনি। ব্যক্তিগত কারণে মালিক ১০ দিনের ছুটি চেয়েছিলেন। আজ সোমবার তার ছুটি মঞ্জুর করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও টিম ম্যানেজমেন্ট।

বোর্ড থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ব্যক্তিগত প্রয়োজনে শোয়েব মালিকের চাওয়া ১০ দিনের ছুটি মঞ্জুর করেছে। যাতে করে সে দেশে ফিরে গিয়ে তার সমস্যার সমাধান করতে পারে। দশদিনের মাথায় সে আবার পাকিস্তান দলে যোগ দিবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না। কারণ, বোর্ড সবার কাছ থেকে শোয়েব মালিকের গোপনীয়তার বিষয়ে সম্মান প্রত্যাশা করছে।’

৫ মে একমাত্র টি-টোয়েন্টি খেলার পর ওয়ানডে সিরিজের আগে পাকিস্তান দল একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলবে। অবশ্য সেই ম্যাচেও খেলতে পারবেন না মালিক। এমনকী খেলতে পারবেন না পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেও। যেটা ৮ মে অনুষ্ঠিত হবে। তবে ১১ মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন তিনি।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। দেশটির বিশ্বকাপ দলের অবিচ্ছেদ্য অংশ হচ্ছেন মালিক। অবশ্য ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন যে এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। এরপর তিনি ব্যাট-প্যাড তুলে রাখবেন।

মালিকের পাশাপাশি টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না শাদাব খান। তিনি ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়