ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিরোপা-খরা কাটানোর বড় সুযোগ!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিরোপা-খরা কাটানোর বড় সুযোগ!

ক্রীড়া প্রতিবেদক : ‘আমার কথা যদি বলেন বিশ্বকাপ থেকে আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমি খেলছি শুধুই বাংলাদেশের জন্য। আমরা যা করব বাংলাদেশের জন্য করব। হ্যাঁ, যদি বাংলাদেশের কথা বলেন, আমি চাই বিশ্বকাপের ট্রফিটা জিতে ওখানে (শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সের ছাদে) নিয়ে আমরা সবাই ছবি তুলছি। এটাই আমার লক্ষ্য- মিরপুরে দীর্ঘ ৩৯ মিনিটের সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে এভাবেই নিজের কথা বলছিলেন মাশরাফি বিন মুর্তজা।

অধিনায়কের কথা স্পষ্ট, বিশ্বকাপের শিরোপা এবার চান। সেই সামর্থ্য দলের আছে বলেই মাশরাফি বিশ্বাস করেন, বিশ্বকাপের শিরোপা অসাধ্য নয়। তার স্বপ্ন বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর বিশ্বকাপ স্কোয়াডের প্রত্যেক ক্রিকেটার। মুশফিক যেমন গতকাল বলেছেন,‘অন্তত মাশরাফি ভাইকে আমরা বিশ্বকাপে বিশেষ কিছু দিতে চাই।’ তরুণ মিরাজ যেমন বিশ্বাস করেন,‘এটাই সেরা মঞ্চ মাশরাফি ভাইকে কিছু দেওয়ার।’

শিরোপার হাতছাড়া করতে করতে ক্লান্ত বাংলাদেশ। ২০১২ ও ২০১৮ এশিয়া কাপে বাংলাদেশ হারিয়েছে শিরোপা। গত বছরই নিদাহাস ট্রফিতে শিরোপা হাতছাড়া করে সাকিবের দল। বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজও জেতা হয়নি টাইগারদের। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নেয়। শোকেসে একাধিক দ্বিপাক্ষিক সিরিজের শিরোপা থাকলেও বৈশ্বিক কিংবা মহাদেশীয় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি বাংলাদেশের।

জ্বালা মেটানোর এটাই সবচেয়ে বড় সুযোগ। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ- এ ‘পঞ্চপাণ্ডব’ একসঙ্গে খেলছেন দীর্ঘদিন ধরে। রুবেল, সৌম্য, লিটন, মুস্তাফিজ, মিরাজরা তো পরীক্ষিত পারফরমার। দীর্ঘদিন ধরেই এ দলটা খেলছে একসঙ্গে। পারস্পরিক বোঝাপড়াটা ভালো সকলের। ড্রেসিং রুমে তাদের জমাট সম্পর্ক। দেশকে ভালো কিছু দেওয়ার এটাই সেরা মঞ্চ বলে মনে করছেন নিজেরাও।

তবে কাজটা কঠিন। প্রথমারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে টেস্ট খেলুড়ে দেশের সেরা ১০ দল। ১৯৯২ বিশ্বকাপের মতো এবারও হবে লিগ পদ্ধতিতে। তাইতো নয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে সব দল। মাশরাফি মনে করেন, পারফরম্যান্সের ওঠা-নামা করলেও এবার বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। সেই সুযোগগুলো পুরোপুরি ব্যবহার করতে সচেতন থাকতে হবে পুরো দলকেই।

মিরপুরে আজ সকাল থেকেই সাজ সাজ রব ছিল। বিশ্বকাপের আগে জাতীয় দলের শেষ প্রস্তুতি। দুপুরে অফিসিয়াল ফটোসেশন। এর আগে বিশ্বকাপের জার্সি উন্মোচন। ক্রিকেটারদের বিদায়টাও ঘটা করে দিয়েছে বিসিবি।

মাশরাফির শেষ বিশ্বকাপ। ২০০৩ সালে যাত্রা শুরু করা মাশরাফি থামছেন ২০১৯ বিশ্বকাপে। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে মাশরাফি দুটি বিশ্বকাপে অধিনায়কত্ব করতে যাচ্ছেন। বিশ্বকাপে ৫ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফি এবার ৯ ম্যাচে অধিনায়কত্ব করে ছাড়িয়ে যাবেন হাবিবুল বাশার সুমনকে। হাবিবুল ২০০৭ সালে বাংলাদেশকে ৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। মাশরাফি উঠে যাবেন সবার ওপরে। হাবিবুল, খালেদ মাসুদ, আমিনুল, সাকিব কেউই বাংলাদেশকে শিরোপা দিতে পারেননি। মাশরাফি কি পারবেন? সময় জানিয়ে দেবে সেই উত্তর।



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়