ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিয়াল্লিশে ওয়ারফেজ: মাইকেল জ্যাকসনের সম্মানে কনসার্ট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ৪ জুন ২০২৬  
বিয়াল্লিশে ওয়ারফেজ: মাইকেল জ্যাকসনের সম্মানে কনসার্ট

ওয়ারফেজের সদস্যরা।

বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম ওয়ারফেজ ৪২ বছরে পা দিচ্ছে। চার দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের গান শোনানো ব্যান্ডটি এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে মঞ্চে আনতে যাচ্ছে একটি ব্যতিক্রমী আয়োজন, যেখানে কিং অব পপ মাইকেল জ্যাকসনের গানও পরিবেশন করবে তারা।

৬ জুন প্রতিষ্ঠাবার্ষিকী হলেও এ উপলক্ষে বড় কোনো বিশেষ আয়োজন রাখছে না ওয়ারফেজ। তবে, দিনটিতে ঢাকার একটি প্রাইভেট কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। দলনেতা শেখ মনিরুল আলম টিপু জানিয়েছেন, আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও সদস্যরা একসঙ্গে সময় কাটাবেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করবেন।

আরো পড়ুন:

তবে ভক্তদের জন্য বড় খবর হলো, চলতি মাসেই প্রকাশ পেতে পারে ওয়ারফেজের দুটি নতুন গান। এর একটি তাদের ১৯৯৬ সালের ‘জীবনধারা’ অ্যালবামের জনপ্রিয় গান ‘ক্রমশ’-এর নতুন সংগীতায়োজন। অন্যটি একটি চলচ্চিত্রের শিরোনাম গান, যদিও সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে আগামী ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ওয়ারফেজের একক কনসার্ট ‘প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস’। এই আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ব্যান্ডটি পরিবেশন করবে কিংবদন্তি শিল্পী মাইকেল জ্যাকসনের ১০ থেকে ১২টি জনপ্রিয় গান। পাশাপাশি থাকবে ওয়ারফেজের নিজস্ব জনপ্রিয় গান এবং অতিথি শিল্পীদের অংশগ্রহণ।

আয়োজকদের মতে, মাইকেল জ্যাকসনের গান এখনো বিশ্বজুড়ে সমান জনপ্রিয়। সম্প্রতি তার বায়োপিককে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে ওয়ারফেজও দীর্ঘ সংগীতযাত্রা এবং একুশে পদকে সম্মানিত হওয়ার পর বিশেষ এক সময় পার করছে। এই দুই কিংবদন্তি নামকে ঘিরেই আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী কনসার্টটি।

বর্তমানে ওয়ারফেজের সদস্যরা হলেন শেখ মনিরুল আলম টিপু, ইব্রাহিম আহমেদ কমল, পলাশ নূর, নাঈম হক রজার, শামস, সামির হাফিজ ও সৌমেন দাস।

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়