ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জে ফোনে ডেকে নিয়ে প্রবাসী যুবককে খুন!

রফিক সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালীগঞ্জে ফোনে ডেকে নিয়ে প্রবাসী যুবককে খুন!

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের কালীগঞ্জে খুন হয়েছেন জুলহাস সরকার (৩০) নামে এক প্রবাসী যুবক।

বৃহস্পতিবার রাতে ফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ জুলহাসের পরিবারের।

জুলহাস কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের পুনসহি গ্রামের বোরহান সরকার ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন।

জাঙ্গালীয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার নিহতের পিতা জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে জুলহাসের বাবা তাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে তার ছেলের খুনের বিষয়টি জানান। তিনি স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, রাতে তার ছেলেকে ফোনে ডেকে নিয়ে বাড়ির ধারে বেলাই বিলের পাশে নিয়ে যায়। সেখানে নেশা জাতীয় কিছু খাইয়ে তার ছেলেকে খুন করা হয়েছে জানান তিনি।

জুলহাসের চাচা চাঁন মিয়া জানান, জুলহাস ৭/৮ বছর ধরে দুবাই প্রবাসী ছিল। ২/৩ বছর পর পর দেশে আসত। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত। তার ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। গত পরশু (১২ মার্চ) মঙ্গলবার দেশে এসেছেন। বুধবার রাত ৯টার দিকে কাজল সরকার নামে স্থানীয় এক লোক তাকে ফোনে ডেকে নেয়। রাত ১১টা হলেও বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাত ১২টার দিকে বাড়ির ধারে বেলাই বিলের পাশে জুলহাসের দেহ পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুলহাসের চাচা জানান, বুধবার দুবাইয়ের টাকা ভাঙ্গিয়ে বাংলাদেশী টাকা করেছে জুলহাস। ওই টাকা পয়সা তার সাথে নাকি বাড়িতে রেখেছে, তা জানা সম্ভব হয়নি। 

কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, ঘটনার কথা সকালে শুনেছি। মরদেহ গাজীপুর হাসপাতালে থাকায় সেখানে পুলিশ পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য।




রাইজিংবিডি/ কালীগঞ্জ (গাজীপুর)/১৪ মার্চ ২০১৯/ রফিক সরকার/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়