ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নুসরাত হত্যা: ১৬ আসামির বিরুদ্ধে চার্জশিট

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ২৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নুসরাত হত্যা: ১৬ আসামির বিরুদ্ধে চার্জশিট

ফেনী সংবাদদাতা : ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি (১৮) হত্যা মামলায় ১৬ আসামির বিরুদ্ধে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দিয়েছে মামলার তদন্ত কর্তাকর্তা পিবিআই’র পরিদর্শক মো. শাহ আলম। 

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে আজ বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে ৮২২ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে সংযুক্ত করা হয় ৬৯ জন সাধারণ জনতা, ২৩ জন প্রত্যক্ষদর্শীসহ ৯২ জনের স্বাক্ষ্য।

দীর্ঘ ১ মাস ১৯ দিনের তদন্তে ১৬ আসামির বিরুদ্ধে অগ্নিদগ্ধ করে হত্যা, হত্যার পরিকল্পনায় অংশ নেওয়া ও হত্যায় সহযোগিতার অভিযোগ প্রমাণিত হয়েছে।

মামলার তদন্ত কর্তাকর্তা মো. শাহ আলম জানান, মাদ্রাসায় অপকর্মে জড়িতদের বিরুদ্ধে অবস্থান নেওয়াতেই নুসরাতকে হত্যা করা হয়েছে। হত্যার নির্দেশ দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলা। আলোচিত এ হত্যায় সরাসরি অংশ নেওয়া পাঁচজনের মধ্যে তিনজনই ছিলেন মাদ্রাসার পরীক্ষার্থী।

হত্যা মামলায় ১২ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকারীদের বাঁচানোর আশ্বাস দেওয়া এবং এক আসামির সঙ্গে ফোনালাপের ঘটনায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকেও অভিযুক্ত করা হয়েছে। ২৬ সেকেন্ডের সেেই কথোপকথন পিবিআইয়ের হাতে আছে। নুসরাতকে শ্লীলতাহানির ঘটনার পর অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন থামাতে তিনি সর্বাত্মক চেষ্টা করেন বলে পিবিআই’র তদন্তে উঠে এসেছে।

মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ধারাবাহিকভাবে নুসরাত হত্যার সচিত্র তথ্য-উপাত্ত তুলে ধরেন তিনি। ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাদের মধ্যে আটজন নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই ১৬ জন হলেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ (৫৭), গভর্নিংবর্ডির ভাইস প্রেসিডেন্ট ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন (৫৫), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ আলম কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ (১৯), হাফেজ আবদুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা (১৯), আবদুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), মোহাম্মদ শামীম (২০) ও মহিউদ্দিন শাকিল (২০)। তাদের প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে পিবিআই।



রাইজিংবিডি/ফেনী/২৯ মে ২০১৯/সৌরভ পারোয়ারী/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়