রাজশাহীতে বিএনপির আরও ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির ১৪৮ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) এ মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় বিএনপির ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত আসামি।
এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে তানোর পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ থেকে অবিস্ফোরিত অবস্থায় ৫টি ককটেল ও বাঁশের লাঠিসোঁটা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অভিযান চালায় পুলিশ। সেখানে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ও ককটেল মারতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ যায়।
তিনি বলেন, পরে পুলিশ পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। তাদের যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল ও বেশকিছু লাঠিসোঁটা এবং ইটের ভাঙা অংশ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান বলেন, রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যাতে দলীয় নেতাকর্মীরা অংশ নিতে না পারে, সেজন্য পুলিশ পরিকল্পিতভাবে এসব মামলা করছে। সব উপজেলাতেই এমন হয়রানিমূলক মিথ্যা মামলা হচ্ছে।
তিনি বলেন, গত ১৫ নভেম্বরের পর থেকে রাজশাহীর ৯ উপজেলার মধ্যে ৬টিতেই একটি করে মামলা করা হয়েছে। এসব মামলায় বিএনপির অল্প কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করে ৭০ থেকে ২০০ জনকে পর্যন্ত অজ্ঞাত আসামি করা হয়েছে। সবগুলো মামলার বাদী পুলিশ।
কেয়া/বকুল