ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাইকারি দামে খুচরায় বিক্রির ব্যতিক্রম বাজার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১০ এপ্রিল ২০২৩   আপডেট: ১২:৫৭, ১০ এপ্রিল ২০২৩
পাইকারি দামে খুচরায় বিক্রির ব্যতিক্রম বাজার

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আর পবিত্র রমজানে নিম্ন আয়ের মানুষকে একটু পরিত্রাণ দিতে ‘পাইকারি দামে খুচরায় বিক্রয়’ স্লোগানে চালু হলো জনতার হাট বাজার। 

রোববার (৯ এপ্রিল) স্বেচ্ছাসেবী সংগঠন ‘অপ্রতিরোধ্য কুড়িগ্রাম’র আয়োজনে শহরের কলেজ মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বসেছে এই বাজার। জনতার হাট বাজারের মূল উদ্দেশ্যই হলো পাইকারি দামে বিভিন্ন পণ্য খুচরায় বিক্রি করা। 

এখানে পাইকারি মূল্যে এক লিটার সয়াবিন তেল-১৮৪ টাকা ও পাঁচ লিটার সয়াবিন তেল-৮৯০ টাকা, প্রতি কেজি মসুর ডাল-৮৫ টাকা, বুট ডাল-৮২ টাকা, মুগ ডাল-৮৮ টাকা, এ্যাংকর ডাল-৬০ টাকা, সোলা-৭৪ টাকা, লবণ- ৩৬ টাকা, চিনি-১০৯ টাকা, এক হালি ডিম-৩৬ টাকা, চাউল (গুটি)-৪৩ টাকা, পাইজাম চাউল-৪৭ টাকা, চিকন চাউল-৫৩ টাকা, মোটা চাউল-৩৫ টাকা, রুহ আফজা ছোট বোতল-১৭৫ টাকা এবং বড় বোতল-৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এই বাজারে আসা ক্রেতা আলম জানান, রিকশা চালিয়ে ৩-৪শ টাকা আয় করে বাজারে ঢুকতে ভয় হয়। জিনিসপত্রের যে দাম। এই বাজারে এসে ৩৫ টাকায় চালের দাম দেখে অবাক হয়েছি। এই বাজারে পাইকারি মূল্যের জিনিস খুচরায় পাওয়া যাচ্ছে। এতে করে হামার মতো খেটে খাওয়া মানুষের উপকার হইছে।

বাজারে আসা আরেক ক্রেতা আবেদা বেগম জানান, জিনিসপত্রের উর্ধ্বগতিতে দারিদ্র্য পীড়িত কুড়িগ্রামের মানুষ কি পরিমাণে কষ্টে আছে তা ভাষায় প্রকাশ করা যায় না। অনেক পরিবার আছে আত্মসম্মানের জন্য ত্রাণ নিতে পারেন না। কিন্তু এই বাজার চালু হওয়ায় নিম্ন ও মধ্য বিত্ত পরিবারের জন্য একটু স্বস্তি বয়ে আনবে।

‘অপ্রতিরোধ্য কুড়িগ্রাম’র প্রতিষ্ঠাতা অন্তু চৌধুরী বলেন, সর্বস্তরের মানুষের জন্য জনতার হাট বাজার চালু করা হয়েছে। এই বাজারে পাইকারি মূল্যে খুচরা বাজার করা যাবে। আমাদের লক্ষ্য এই রমজানে যে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি তার থেকে সাধারণ মানুষ কিছুটা যেন স্বস্তি পায়। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই বাজার। আজকে (রোববার) ১৭টা পণ্য নিয়ে চালু করা হয়েছে এই বাজার। আস্তে আস্তে আরও পণ্য বৃদ্ধি করা হবে। বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক বিক্রয়কর্মী হিসেবে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে পাইকারি দামে কিনে খুচরা মূল্যে বিক্রি করা হয়ে থাকলে তা মানুষের উপকারে আসবে।

বাদশাহ/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়