ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেনীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, খুলনায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ৭ মার্চ ২০২৫  
ফেনীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, খুলনায় গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত রুবেলকে শুক্রবার ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেনী সদর থানায় মানব পাচার আইনে দায়েরকৃত একটি মামলায় ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় খুলনার দিঘলিয়া থানা পুলিশ রুবেল শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (৭ মার্চ) দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত রুবেলকে শুক্রবার ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যার পর দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের পথের বাজার এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেলের কাছ থেকে পুলিশ মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল উদ্ধার করে।

পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি ফেনী জেলার ফেনী সদর উপজেলার কাতালিয়া থেকে জয়নাল আবেদীনের ছেলে মো. আরিফ (৩৫) নামে এক যুবককে একটি চক্র লিবিয়া নিয়ে যায়। পরবর্তীতে ওই চক্রটি বিভিন্ন কৌশলে লিবিয়া থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে ইউরোপে পাচারের চেষ্টা করে। এ ঘটনার ২১ দিন পর ২৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিরা আরিফকে অপহরণ করে তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

গ্রেপ্তারকৃত রুবেল শেখ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তারা একাধিক ব্যক্তিকে টার্গেট করে কৌশলে বিভিন্ন ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে বিদেশে নিয়ে যায়। পরবর্তীতে সেখানে তাদেরকে অপহরণ করে পরিবারের নিকট মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। দাবিকৃত মুক্তিপণ না দিলে তারা অপহৃত ব্যক্তিকে শারীরিকভাবে নির্যাতন করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে এবং অপহৃত ব্যক্তির পরিবারের নিকট সেই ভিডিও পাঠিয়ে টাকা পাঠাতে বলে।

ঢাকা/নুরুজ্জামান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়