মহাসড়কের পাশে হাত-পা বাঁধা মরদেহটি পুরুষ নাকি নারীর, জানে না পুলিশ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী চিত্র
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি কলাবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ অর্ধগলিত হওয়ায় পুরুষ নাকি নারী শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ছাড়া মরদেহের আংশিক পোড়ানো বলে পুলিশ জানিয়েছে।
রবিবার (৯ মার্স) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, এক পথচারী সেখানে কলাগাছের গোড়ায় কিছু একটা পড়ে আছে দেখতে পান। এগিয়ে দেখেন অর্ধগলিত ও আংশিক পোড়া একটি মরদেহ। এরপর তিনি আশপাশের অন্যদের ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত বলেন, “নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তিনি নারী নাকি পুরুষ, তা-ও বোঝা যাচ্ছে না। তার শরীরের কিছু অংশ কালো দেখা যাচ্ছে। তবে এটি আগুনে পোড়া কি না, তাও নিশ্চিত নয়।”
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কুমার কর বলেন, “অজ্ঞাতনামা একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাকে খুন করে মহাসড়কের পাশে ফেলে গেছে।”
ঢাকা/রফিক/টিপু
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন