টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সন্ত্রাসী হামলার শিকার দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি রকিবুল ইসলাম আফ্রিদি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীকে তথ্য দিয়ে আসামি ধরিয়ে দেওয়ার সন্দেহে দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি রকিবুল ইসলাম আফ্রিদিকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদ এলাকায় সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরদেশ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি জানান, বেশ কয়েক দিন আগে টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মন্টু মুন্সীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। আজ জামিনে এসে সাংবাদিক রকিবুল ইসলামকে দেখে তথ্য দিয়ে ধরিয়ে দেওয়ার সন্দেহে মন্টু মুন্সীসহ আসামিরা তার উপর হামলা চালায়। এসময় রকিবুল ইসলামকে পিটিয়ে আহত করে তারা।
পরে বাসায় গেলে মন্টু মুন্সীর নেতৃত্বে হামলা চালিয়ে আবারো পিটিয়ে আহত করে। পরে ৯৯৯ ফোন করলে পুলিশ ও খবর শুনে সহকর্মীরা গিয়ে রকিবুল ইসলামকে উদ্ধার করে।
পরে তাকে মারাত্মক আহতাবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইমরান শেখ বলেন, “দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদির উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাই।”
ঢাকা/বাদল/এস
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন