ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার মামলায় চাচা গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৮ মে ২০২৫  
রাজশাহীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার মামলায় চাচা গ্রেপ্তার

রবিউল ইসলাম রুবেল

রাজশাহীর গোদাগাড়ীতে কাউসার আহমেদ রকি (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তার চাচা রবিউল ইসলাম রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। রবিবার (১৮ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। 

রবিউল ইসলাম গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মহুরির ছেলে। কাউসার আহমেদ রকি তার ভাতিজা। গত ১ এপ্রিল দুপুরে রবিউলের হাঁসুয়ার কোপে প্রাণ হারান কাউসার আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রবিউল অসুস্থ দাদিকে দেখতে গত ১ এপ্রিল গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামে যান। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ভাতিজা কাউসার আহমেদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো হাঁসুয়া এনে কাউসার আহমেদকে কোপ দেন। এতে গুরুতর আহত হন কাউসার। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং আসামির অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। রবিউল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।

র‌্যাব জানিয়েছে, অবশেষে অবস্থান নিশ্চিত হয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

ঢাকা/কেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়