কক্সবাজারে পাহাড় ধসে বসতঘর ক্ষতিগ্রস্ত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাহাড় ধসে দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কক্সবাজার শহরের আশুরঘোনায় পাহাড় ধসে দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার পর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দা জুবায়ের আলম জানান, ক্ষতিগ্রস্ত বসতঘরটি মোহাম্মদ আজিম উল্লাহ নামের এক ব্যক্তির। পাহাড়ধসে বাড়ির বিভিন্ন অংশ ভেঙে যায় এবং আসবাবপত্র মাটির নিচে চাপা পড়ে।
ভুক্তভোগী আজিম উল্লাহ বলেন, “রাত সাড়ে ১১টার দিকে ঝুম বৃষ্টির মধ্যে হঠাৎ একটি পাথর ঘরের চালের ওপর পড়ে। তখনই আমরা আশঙ্কা করি, পাহাড় ধস আসতে পারে। পরিবারের সবাইকে নিয়ে বাইরে বের হয়ে যাই। কিছুক্ষণের মধ্যেই পাহাড় ধসে পুরো ঘরের ওপর পড়ে। প্রাণে বেঁচে গেলেও ঘরের আসবাব ও মূল্যবান জিনিসপত্র মাটির নিচে চাপা পড়েছে।”
এ এলাকার আরেক বাসিন্দা মো. সাদ্দাম হোসেন জানান, টানা বৃষ্টির কারণে আগেই তারা সতর্ক হয়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু বলেন, “প্রতি বছর বর্ষা এলেই কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকি দেখা দেয়। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় আগাম সতর্কতা জারি করা হয়ে থাকে। এ বিষয়ে প্রশাসন সচেতন রয়েছে।”
ঢাকা/তারেকুর/এস
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন