বিএনপি নেতার ঘরে আগুন: এবার মারা গেলেন আরেক মেয়ে
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আগুনে পুড়ে যাওয়া বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়ি
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা গ্রামে তালা লাগিয়ে ঘরে আগুন দেওয়ার ঘটনায় মারা গেছেন বিএনপি নেতা বেলাল হোসেনের বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এ নিয়ে ওই ঘটনায় দুইজনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় সন্ত্রাসীরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বিএনপি নেতা বেলালের ঘরে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় তার ছোট মেয়ে আয়েশা আগুনে দগ্ধ হয়ে মারা যায়। বেলাল এবং তার বড় মেয়ে স্মৃতি, মেজো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হন।
বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। স্মৃতির ৯০ শতাংশ ও বিথির শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়। বিথিকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পরদিনই ছেড়ে দেওয়া হয়। তবে, স্মৃতি আইসিইউতে ছিলেন। বুধবার রাতে তিনি মারা যান।
আগুন দেওয়ার ঘটনার চারদিন পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছেন। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটির তদন্ত চলছে।”
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন