নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সোমবার দুপুরে কক্সবাজামন নির্বাচনি জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী নতুন একটি বাংলাদেশ পাবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুর ১টার দিকে জামায়াত আমির সমাবেশস্থলে পৌঁছে বক্তব্য শুরু করেন। এর আগে সকালে তিনি মহেশখালীতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
শফিকুর রহমান বলেন, “রাজার ছেলে রাজা হোক এই মতের বিরোধী আমরা। এদেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।”
তিনি বলেন, “১২ তারিখ আমরা নিজেরা ‘হ্যাঁ’ ভোট দেব এবং দেশের জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করবো। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।”
জামায়াত আমির বলেন, “কক্সবাজার একটি অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই জেলা দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। এজন্য ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব অপরিহার্য।”
তিনি আরো বলেন, “আমরা কথা দিয়ে কথা রাখবো। আমরা বেঁচে থাকলে কোনো ওয়াদা বরখেলাফ হবে না ইনশাআল্লাহ।” এ সময় তিনি প্রতিটি আসনের প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। ১২ তারিখ দাড়িপাল্লায় ভোট দিয়ে দেশের জনগণ তা প্রমাণ করে দেবে।”
যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।”
সোমবার সকাল ১০টায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক সূচনা হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এর আগে সকালে মহেশখালীর জনসভায় জামায়াত আমির বলেন, “আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই এদেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেটিই হবে সকলের বিজয়।”
মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষ করে জামায়াত আমির পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে চট্টগ্রামের লোহাগড়ার পদুয়া এলাকার উদ্দেশে যাত্রা করেন।
ঢাকা/তারেক/ইভা