ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারীদের পেছনে ফেলে দেশকে সামনে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২৫, ২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের পেছনে ফেলে দেশকে সামনে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত সমাাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি, এর মধ্যে অন্তত ১০ কোটি নারী। এই বিশাল নারী সমাজকে পেছনে রেখে যত বড় পরিকল্পনাই করা হোক না কেন, দেশকে সামনে নেওয়া সম্ভব নয়।” 

তিনি বলেন, “নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন খালেদা জিয়া, যাতে তারা শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে।”

আরো পড়ুন:

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। 

বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, “নির্বাচন সামনে রেখে একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না বলে ঘোষণা দিয়েছে। সম্প্রতি ওই দলের এক নেতা কর্মসংস্থানে নিয়োজিত মা-বোনদের উদ্দেশে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যা বলতেও লজ্জা লাগে। এটি শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক। যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি হতে পারেন না।”

তিনি বলেন, “বাংলাদেশের লক্ষাধিক নারী পোশাকশিল্পে কাজ করে দেশের অর্থনীতি সচল রেখেছেন। নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের নারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করছেন, অথচ তাদেরই আজ অপমান করা হচ্ছে।”

তিনি আরো বলেন, “যারা ইসলাম কায়েমের কথা বলে, তারা ভুলে যাচ্ছেন— নবী করিম (সা.)-এর সহধর্মিণী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী ছিলেন। তাহলে নারীদের কর্মজীবনকে অপমান করার এখতিয়ার কারও নেই।”

তারেক রহমান অভিযোগ করেন, “ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়েছে। বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছে।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “আগামী ১২ তারিখের সাধারণ নির্বাচন উপলক্ষে আজ বিএনপি ও ধানের শীষের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। বিগত ১৫–১৬ বছরে বিএনপি বহু আন্দোলন ও সংগ্রাম করেছে। এই সময়ে দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। হাজার হাজার, লাখো নেতাকর্মী—বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা গায়েবি মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।”

তিনি মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলেন, “মুক্তিযোদ্ধারা ৭১ সালে যুদ্ধ করে স্বাধীনতা এনেছিলেন। আর ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রাজপথে লড়াই করে ফ্যাসিবাদকে বিদায় করে সেই স্বাধীনতা রক্ষা করেছেন।” 

খুলনা অঞ্চলের শিল্প কলকারখানা বন্ধ হয়ে মৃত নগরীতে পরিণত হওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “বিএনপি সরকার গঠন করলে খুলনার বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালু করা হবে। সেখানে পুরুষের পাশাপাশি নারীদেরও কর্মসংস্থান এবং আইটি সেক্টরের মাধ্যমে যুবকদেরও কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। সব ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।” এজন্য তিনি সবাইকে পরিশ্রমী হওয়ার পরামর্শ দেন।

প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “নারীরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাবলম্বী হবে। একই সঙ্গে কৃষকদেরও কৃষি কার্ড প্রদান করা হবে। যাতে করে তারা এই কার্ডের মাধ্যমে কৃষি ঋণ এবং সার ও বীজ পেতে পারেন।” তিনি কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফেরও ঘোষণা দেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, “ শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে নিয়েই দেশ পুনর্গঠন করতে  হবে। বিএনপি সরকার গঠন করলে দেশ পুনর্গঠনের সঙ্গে সঙ্গে প্রথমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হবে, দেশকে দুর্নীতি মুক্ত করা হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।”

তিনি বলেন, “শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।” 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়