বুধবার কুড়িগ্রামে আসছেন জামায়াতের আমির
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতারা বুধবার (৩ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে আসছেন। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন জামায়াতের আমির, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ জোটের শরিক দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন কুড়িগ্রাম জেলা জামায়াতের নেতাকর্মীরা।
জনসভায় জেলার চারটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত তিন প্রার্থী ও এনসিপি মনোনীত এক প্রার্থীসহ জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভায় ৪ থেকে ৫ লাখ মানুষের উপস্থিতি থাকবে বলে আশা করছেন আয়োজকরা।
কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নিজাম উদ্দিন জানিয়েছেন, জনসভা সফল করতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে স্টেজ নির্মাণের কাজ শেষ পর্যায়ে।
ঢাকা/বাদশাহ্/রফিক