ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান মারা গেছেন

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদল

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫১ বছর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে ময়মনসিংহে তিনি মারা যান। তার মৃত্যুর তথ্য জানান শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

আরো পড়ুন:

নুরুজ্জামান বাদল জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিক তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে নেওয়ার পথে রাত ২টার দিকে ময়মনসিংহ শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে। স্বদেশ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল আজ রাত ২.৩০টায় ইন্তেকাল করেছেন। কিডনি ট্রান্সপ্লান্ট ডিসিশন থাকলেও সংগঠন থেকে প্রার্থী চূড়ান্ত করায় ডায়ালাইসিস করে করে চলছিলেন। নির্বাচনি কাজে যেনো কোনো ঘাটতি তৈরি না হয় সেজন্য রাতে সব কাজ শেষ করে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে যেতেন। আবার ডায়ালাইসিস শেষ করে সকালেই বাসায় ফিরতেন।”

শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, “নুরুজ্জামান বাদলের মরদেহ শ্রীবরদীতে তার গ্রামের বাড়িতে আনা হয়েছে। পরিবার ও দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে জানাজার সময় নির্ধারণ করা হবে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়