দিনাজপুর সীমান্তে বিদেশি অস্ত্র ও মাদক জব্দ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জব্দ করা অন্ত্র ও মাদক
দিনাজপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটার গান ও গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।
তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি টহল দল দিনাজপুর কোতোলী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী নামক স্থানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
তিনি আরো জানান, অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ হয়েছে।
ঢাকা/মোসলেম/মাসুদ