ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচাররোধে বিজিবির নজরদারি জোরদার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১০ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৩১, ১০ মার্চ ২০২৬
টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচাররোধে বিজিবির নজরদারি জোরদার

বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে সংবাদ সম্মেলনে ব্রিফ করেন লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান।

টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের আশঙ্কায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সীমান্তের বিভিন্ন চেকপোস্টে তল্লাশি বৃদ্ধি এবং নাফ নদীতে নৌ-টহলও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান এ তথ্য জানান।

আরো পড়ুন:

লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু চক্র জ্বালানি তেল অবৈধভাবে পাচারের চেষ্টা করতে পারে— এমন আশঙ্কায় বিজিবি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। পাচার প্রতিরোধে সীমান্তের চেকপোস্টগুলোতে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে এবং নাফ নদীতে চলাচলকারী নৌযানগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে।

এছাড়া সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন ও নৌযানের ওপর কড়া নজরদারির পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

হানিফুর রহমান আরো বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিজিবি-২ এর উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকীব তরফদার এবং নৌযান প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ফুয়াদ রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়