ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমরা চাই মালিক-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনীতি সচল রাখবে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ১ মে ২০২৬   আপডেট: ১৯:৫৬, ১ মে ২০২৬
আমরা চাই মালিক-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনীতি সচল রাখবে: শফিকুর রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে ইনসাফপূর্ণ এবং শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। আমরা এমন একটি ব্যবস্থা চাই যেখানে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক নিশ্চিত হবে এবং মালিক-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখবে।’’

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

এ সময় তিনি বলেন, ‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে কোনো সংঘাত নয়, বরং একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী।’’

প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাসগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘‘যেসব দূতাবাস বিদেশে আমাদের শ্রমিক ভাইদের নূন্যতম স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস চালু রাখার কোনো যৌক্তিকতা নেই। প্রয়োজনে সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত।’’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘আমরা সংসদে গিয়ে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে চাই না। জামায়াত জনগণের অধিকারের কথা বলতে চায় এবং শোষিত মানুষের প্রতিনিধিত্ব করতে চায়।’’

শ্রমিক সমাবেশে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/রায়হান 

সর্বশেষ

পাঠকপ্রিয়