কেবল কথা বলার কারণে গ্রেপ্তার গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেট শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেবল কথা বলার কারণে কাউকে গ্রেপ্তার করা গ্রহণযোগ্য নয়। কেউ কোনো সমস্যায় পড়লে যেন নির্ভয়ে তা তুলে ধরতে পারে, এমন পরিবেশ থাকতে হবে। তবে অপরাধ করলে আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
তারেক রহমান বলেন, সড়কে মানুষের ব্যাপক উপস্থিতি শুধু দলীয় সমর্থকদের কারণে নয়। অনেক সাধারণ মানুষও এতে অংশ নিয়েছে, যা দলের প্রতি আস্থারই প্রতিফলন। তবে এই আস্থা ধরে রাখতে হলে নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে আরো দায়িত্বশীল হতে হবে। প্রয়োজনে নমনীয়তা দেখানোর কথাও বলেন তিনি।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, ক্ষমতায় থাকার মানসিকতা যেন আচরণে না আসে। এমন প্রবণতা দল ও সংগঠনের জন্য ক্ষতিকর হতে পারে।
তিনি জানান, সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। সে নির্বাচন সামনে রেখে প্রতিটি এলাকায় প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নেতাকর্মীদের আচরণে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয়, সেদিকেও বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এতে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
ঢাকা/মোসাইদ/বকুল
কেবল কথা বলার কারণে গ্রেপ্তার গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী