ব্যাটিংয়ে গণ্ডগোল, উপায় খুঁজছেন লিটনও
চট্টগ্রাম থেকে যে আত্মবিশ্বাস নিয়ে দল এসেছিল ঢাকায়, তা রীতিমত উধাও হয়ে গেছে হতশ্রী ব্যাটিংয়ে। নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে যাচ্ছেতাই ব্যাটিংয়ে বাংলাদেশ এগিয়ে থেকেও সিরিজ খুইয়েছে।
অধিনায়ক লিটন দাস তৃতীয় টি-টোয়েন্টি হারের কারণে জন্য ব্যাটিংকেই দুষেছেন। তবে ব্যাটিংয়ে যে গণ্ডগোল হচ্ছে তা সমাধানের উপায় খুঁজছেন লিটনও। গণমাধ্যমকর্মীদের একাধিক প্রশ্নের উত্তরে যখন অধিনায়ক নিরুপায় হয়ে বলেন, ‘‘আপনাদের কাছে কোনো সমাধান থাকলে দিতে পারেন’’ তখন বুঝতে বাকি থাকে না ব্যাটিংয়ে সমস্যা সারানোর কাজটা সহসাই সমাধান হচ্ছে না।
‘‘ম্যাচ হারার পেছনে মূল কারণ ছিল ব্যাটিংয়ে পর্যাপ্ত রান না করা। আমরা আগেও বলেছি, লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব আছে দলের জন্য অবদান রাখার। আজও তাদের সেই সুযোগ ছিল, কিন্তু তারা আবারও ব্যর্থ হয়েছে।’’
পাঁচ বোলার ও ছয় ব্যাটসম্যান এই কম্বিনেশন তৈরি করেই টি-টোয়েন্টিতে সফল হয়েছে বাংলাদেশ। কিন্তু এই কম্বিনেশন লম্বা দৌড়ে কেমন হবে তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। লিটনের মতে, ‘‘টি-টোয়েন্টিতে তো পাঁচ বোলার ছাড়া যেতে পারব না। আমি যদি নয় ব্যাটসম্যান নিয়ে যাই তিন বোলার নিয়ে খেলা লাগবে। আপনার কাছে যদি সলিউশন থাকে দিতে পারেন আমাদের।’’
লোয়ার অর্ডারে রিশাদের ওপর ভরসা ছিল। কিন্তু ডানহাতি ব্যাটসম্যান রাখতে পারছে না অবদান। তার থেকে লিটনেরও প্রত্যাশা বেশি, ‘‘অনেক দিন ধরেই আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি। ব্যাটিং কোচরাও তাদের পেছনে সময় দিচ্ছেন। এটা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে তারা চেষ্টা করছে। আশা করি, বিশ্বকাপের আগে কিছুটা হলেও উন্নতি হবে।’’
লিটনের দাবি, ‘‘সবাই চেষ্টা করছে এবং অনুশীলনেও নিয়মিত ব্যাটিং করছে। তবে নেটে ব্যাটিং আর ম্যাচের ভেতরের ব্যাটিংয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। ম্যাচে ভালো করতে পারলে তাদের আত্মবিশ্বাস আরও বাড়বে।’’
‘‘রিশাদ, শেখ মাহেদী, নাসুম- এরা মূলত স্পিনার, কিন্তু আধুনিক ক্রিকেটে স্পিনারদেরও ব্যাটিংয়ে অবদান রাখতে হয়। শেখ মাহেদীর ব্যাটিং করার সামর্থ্য আছে, তবে সেটার প্রতিফলন আন্তর্জাতিক ম্যাচে দরকার। একই প্রত্যাশা নাসুম ও রিশাদের কাছ থেকেও। অলরাউন্ডারদের ক্ষেত্রেও যেমন সাইফউদ্দিন, সাকলাইন, সাকিব- তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং অবদান আশা করা হয়। কারণ অনেক ম্যাচে লোয়ার অর্ডারের রানই পার্থক্য গড়ে দেয়। ভবিষ্যতে তারা এই জায়গায় আরও ভালো করবে- এটাই প্রত্যাশা।’’- বলেছেন লিটন।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
কেবল কথা বলার কারণে গ্রেপ্তার গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী