এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা: চোটে ছিটকে গেলেন কারভাহাল
লা লিগার শিরোপা লড়াই যখন শেষ বাঁকে, ঠিক তখনই বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। দলের অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল পায়ের আঙুল ভেঙে অন্তত ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। ফলে ১০ মে অনুষ্ঠিত হতে যাওয়া এল ক্লাসিকোতে তার খেলা প্রায় অসম্ভব হয়ে গেছে।
ক্লাব সূত্রে নিশ্চিত করা হয়েছে, সাম্প্রতিক ম্যাচে এই চোট পান ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দ্রুত সেরে উঠলেও মৌসুমের শেষদিকে মাত্র একটি ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে- যেখানে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।
এই চোটের প্রভাব পড়তে পারে শিরোপা লড়াইয়েও। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ এখন শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে। বার্সেলোনা যদি এই সপ্তাহেই ওসাসুনার বিপক্ষে জয় পায় এবং রিয়াল যদি এস্পানিওলর বিপক্ষে পয়েন্ট হারায়, তাহলে শিরোপা নির্ধারণ হয়ে যেতে পারে এল ক্লাসিকোর আগেই।
এমন পরিস্থিতিতে কারভাহালের অনুপস্থিতি রিয়ালের জন্য বড় ধাক্কা। কারণ, এল ক্লাসিকো শুধু মর্যাদার লড়াই নয়; এটি মৌসুমের শেষ বড় মঞ্চও হতে পারে তার জন্য। মৌসুম শেষে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, ফলে এটি তার শেষ এল ক্লাসিকো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ক্লাব ক্যারিয়ারে ইতিমধ্যেই ৬টি ইউরোপিয়ান শিরোপা ও ৪টি লিগ জয়ের অভিজ্ঞতা থাকা এই ডিফেন্ডারের সামনে এখন আরেকটি অনিশ্চয়তা- জাতীয় দল। চোটে ভরা মৌসুমের কারণে স্পেনের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আগেই কমে গিয়েছিল, নতুন এই আঘাত সেই সম্ভাবনাকে আরও দুর্বল করে দিল।
ঢাকা/আমিনুল
কেবল কথা বলার কারণে গ্রেপ্তার গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী