ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাওরের ফসল রক্ষায় বাঁধ নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ২ মে ২০২৬  
হাওরের ফসল রক্ষায় বাঁধ নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণার দাবি

চলতি বোরো মৌসুমে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে এপ্রিলের শেষ পর্যন্ত তিন দফা বৃষ্টি হয়েছে। এ সময়ে কয়েকটি বাঁধ ভেঙে এখন পর্যন্ত হাওরাঞ্চলে অন্তত ৪৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। তাই হাওরে যে বাঁধ দেওয়া হয়েছে ফসল রক্ষায় তা নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণার দাবি জানিয়েছে হাওরাঞ্চলবাসী।

শনিবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে হাওর অঞ্চলবাসী, ঢাকার উদ্যোগে হাওরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অকাল বন্যায় ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা এই দাবি জানান।

আরো পড়ুন:

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বোরো মৌসুমে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে এপ্রিলের শেষ পর্যন্ত তিন দফা বৃষ্টি হয়েছে। কয়েকটি হাওরের বাঁধ ভেঙে এখন পর্যন্ত হাওরাঞ্চলে অন্তত ৪৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

এছাড়াও শিলাবৃষ্টিতে অন্তত ৮০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানান বক্তারা। তারা বলেন, এখনো হাওর ও মেঘালয়ের পাহাড়ে বৃষ্টিপাত অব্যাহত। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এ ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

হাওরাঞ্চলের মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন বোরো ফসল। এখন পর্যন্ত হাওরের যেসব জমির জমির ধান কাটা হয়েছে, সেসব ধান বৃষ্টির কারণে শুকানো যাচ্ছে না। অনেক ধান পচে গেছে বলে মানববন্ধনে জানানো হয়।

এ বছরের মতো অতীতে জলাবদ্ধতা এত ব্যাপক আকারে দেখা যায়নি জানিয়ে তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সংঘটিত অতিবৃষ্টি ও হাওরের অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ এ জলাবদ্ধতার জন্য মূলত দায়ী। কোনো ধরনের বৈজ্ঞানিক সমীক্ষা ও গবেষণা ছাড়া হাওরে বাঁধ দেওয়া হচ্ছে।

মানববন্ধন থেকে সরকারের কাছে তুলে ধরা দাবিগুলো হলো-  হাওরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অকাল বন্যায় ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী খাদ্য সহায়তা প্রদান, হাওরে ব্যাপকভিত্তিতে নদী-খাল-বিল খনন করে পানির প্রবাহ নিশ্চিত করা, হাওরের মাঝ দিয়ে অপরিকল্পিত সড়ক ও বাঁধ নির্মাণ বন্ধ করা, হাওর সমস্যার স্থায়ী সমাধানে গবেষণা করে বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ, জলাবদ্ধতা নিরসনে কৌশলগত অবস্থান নির্ণয় করে সুইস গেট নির্মাণ, হাওরের ফসল রক্ষা বাঁধের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ ও এনজিও ঋণের কিস্তি মওকুফ করা, স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও গবেষকদের কারিগরি জ্ঞানের সমন্বয় করে দ্রুত হাওরের সমস্যার সমাধান করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর অঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খান, অ্যাডভোকেট আবেদ রাজা চৌধুরী, ইমতেছার আহমেদ চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব গোলাম শফিক, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, প্রফেসর ডা. শাহীন রেজা চৌধুরী, প্রিন্সিপাল এম এ মোনায়েম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্কারের সভাপতি কাশমির রেজা, খালেদ সানোয়ার, বুরহান উদ্দিন আহমেদ হাওর অঞ্চলবাসী ঢাকার সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু প্রমুখ।

ঢাকা/নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়