ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেনীতে আবদুল আউয়াল মিন্টু

‘নতুন কুঁড়িতে কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না’

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ২ মে ২০২৬   আপডেট: ২০:৩৫, ২ মে ২০২৬
‘নতুন কুঁড়িতে কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না’

পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড়দের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না। খেলোয়াড়েরা  যোগ্যতার ভিত্তিতে সামনে এগিয়ে যাবে। 

শনিবার (২ মে) বিকালে ফেনী পৌরসভার মরহুম খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, ‘‘নতুন কুঁড়ির খেলোয়াড়দের ক্ষেত্রে কোনো বৈষম্য বা সিন্ডিকেট থাকবে না। এটি প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী ইতোমধ্যে নিশ্চিত করেছেন। খেলোয়াড়রা তাদের যোগ্যতার ভিত্তিতেই এগিয়ে যাবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি গ্রাম ও ইউনিয়নের ছেলে-মেয়েরা কোনো না কোনোভাবে নতুন কুঁড়ির সঙ্গে যুক্ত হতে পারবে।’’

তিনি আরও বলেন, ‘‘নতুন কুঁড়ি স্পোর্টস আমাদের নির্বাচনী ইশতেহারের একটি অংশ। এর উদ্দেশ্য তরুণ প্রজন্মকে শুধু লেখাপড়ায় নয়, শারীরিক, মানসিক ও মনস্তাত্ত্বিক বিকাশের মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা। যাতে তারা নিজেদের সমৃদ্ধ করে দেশের কাজে নিয়োজিত হতে পারে এবং সামাজিক চেতনা অর্জন করতে পারে।’’

ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘পরশুরামের বন্যার বিষয়টি ভিন্ন, এটি মূলত উজানের পানির কারণে হয়ে থাকে। অন্যদিকে সোনাগাজীতে স্লুইসগেট বা রেগুলেটর ভেঙে যাওয়ায় বারবার বন্যা হচ্ছে। ইতোমধ্যে কিছু কাজ শুরু হয়েছে। আশা করছি গত বছরের তুলনায় এ বছর ভাঙন কম হবে।’’

রেগুলেটর ঠিক হলে আগামী বছরে ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। এটি রাতারাতি সমাধানের বিষয় নয় বলেও উল্লেখ করেন তিনি। 

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের কাজ আইনশৃঙ্খলা উন্নয়ন করা। কোনো অঘটন ঘটলে আমরাও বিব্রত হই এবং দ্রুত ব্যবস্থা নিতে চাই। সাম্প্রতিক ফেনীর অন্তত ১০টি ঘটনায় আমি নিজে অনুসন্ধান করে দেখেছি অধিকাংশই পারিবারিক বিরোধ থেকে সৃষ্টি। আমরা আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করছি। সামাজিক শৃঙ্খলা নিশ্চিত না হলে আইনশৃঙ্খলাও ভালো রাখা কঠিন।’’

ফেনীর ক্রীড়াঙ্গনের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ফেনীতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, মেডিকেল কলেজসহ বিভিন্ন উন্নয়ন হবে। এতে কিছুটা সময় লাগবে। আমরা জেলার তিনজন সংসদ সদস্য একসঙ্গে কাজ করছি, যাতে ফেনীকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়।’’

‘ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগানে সারাদেশের ন্যায় ফেনীতেও নতুন কুড়ি স্পোর্টস শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। 

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হক, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আবদুল খালেক, ফেনী পৌরসভার প্রশাসক রোমেন শর্মা, ফেনী জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ। 

অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করেন। পরে খেলোয়াড় কোচসহ সংশ্লিষ্টদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা/সাহাব//

সর্বশেষ

পাঠকপ্রিয়