টানা বৃষ্টিতে মুগডাল নষ্ট, ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ভূঁইয়াকান্দা ও বাইলাবুনিয়া গ্রামে কৃষি জমিতে টানা তিন দিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বিনষ্ট হয়ে গেছে প্রায় ৫০০ একর জমির মুগডাল। জলাবদ্ধতা থেকে পরিত্রান পেতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক।
আজ শনিবার বেলা এগারোটায় ভূঁইয়াকান্দা গ্রামের অটোস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মৌডুবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আজাদ ভূঁইয়া, ক্ষতিগ্রস্থ কৃষক রাকিবুল, রুহুল আমিন ও বনিআমিনসহ অনেকে।
বক্তারা বলেন, পানি নিষ্কাশনের স্লুইজ না থাকায় প্রায় ৩০০ কৃষকের প্রায় ১ কোটি টাকা মূল্যের মুগডাল পঁচে নষ্ট হয়ে গেছে। শুধু এবছরই নয় এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন ফসল চাষ করে কৃষক কোটি টাকার লোকসান গুনেছেন। এ কারণে স্লুইজ গেট নির্মাণের পাশাপাশি তারা সহায়তার দাবি জানান।
কৃষক রাকিবুল বলেন, ‘‘আমি ১০ বিঘা জমিতে মুগডাল দিয়েছি। ফলন খুব ভালো হয়েছিল। কিন্তু এখন সব ডাল পাকার পরও পচে গেছে। বৃষ্টির পানি জমে থাকার কারণে আমাদের প্রায় প্রতি বছরই এ ধরনের সমস্যা হচ্ছে।’’
অপর কৃষক বনি আমিন বলেন, ‘‘আমাদের এখানের কৃষকদের প্রায় ১ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। আমি নিজে ২০ বিঘা জমিতে মুগ ডাল দিয়েছিলাম। কিন্তু সব শেষ হয়ে গেল। এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেব এ নিয়ে দুশ্চিন্তায় আছি।’’
এ প্রসঙ্গে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘‘ওই এলাকায় স্লুইজ গেট নির্মাণের লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’’
ঢাকা/ইমরান//
ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী