ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর মাথায় ছাতা ধরে একসঙ্গে হাঁটলেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ২ মে ২০২৬   আপডেট: ১৯:৪৯, ২ মে ২০২৬
স্ত্রীর মাথায় ছাতা ধরে একসঙ্গে হাঁটলেন প্রধানমন্ত্রী

এই দৃশ্য মুহূর্তে ভাইরা হলে যায়।

সকাল তখন সবে ১০টা পেরিয়েছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান। সিলেটের আকাশ তখন মেঘলা, বৃষ্টি ঝরছে অবিরাম। সেই বৃষ্টির মধ্যে যে দৃশ্য দেখা গেল, তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ল।

বিমান থেকে নামার সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের হাত ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর নিজে স্ত্রীর মাথায় ছাতা ধরলেন। সেই এক ছাতার নিচে স্বামী-স্ত্রী হেঁটে বৃষ্টি পার হলেন। 

আরো পড়ুন:

সরকার প্রধানের সফর মানে কড়া প্রটোকল, নিরাপত্তার বেষ্টনী, নানা আনুষ্ঠানিকতা। ব্যক্তিগত আবেগ সেখানে আড়ালে থাকে। কিন্তু শনিবার সিলেট সফরে সেই ছকের বাইরে গিয়ে স্ত্রীকে সম্মান ও ভালোবাসার যে দৃষ্টান্ত দেখালেন, তা মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়। আর সেটি এখন ঘুরছে লক্ষ মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিডে।

ফেসবুকে এ ছবি শেয়ার করে একজন লিখেছেন, ‘‘ক্ষমতা বা পদের চেয়ে বড় একজন দায়িত্বশীল জীবনসঙ্গী।’’ মিফতা হাসান নামে এক যুবক লিখেছেন, ‘‘শিখতে চাইলে ওনাদের থেকে শেখা উচিত— কীভাবে দায়িত্ব আর ভালোবাসা একসঙ্গে সামলাতে হয়।’’ 

সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা জমিয়েছেন বিবাহিত পুরুষেরা। হেলাল মিয়া লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী আমাদের বিপদে ফেলে দিলেন! এখন স্ত্রীরা বলবে দেখো, প্রধানমন্ত্রী হয়েও তিনি কত যত্নশীল, আর তুমি একটা ছাতাও ঠিকমতো ধরতে পারো না।’’ 

একজন লিখেছেন, ‘‘এই একটি সফরে রোমান্টিক স্ট্যান্ডার্ড নতুন উচ্চতায় পৌঁছে গেছে।’’ 

শনিবার সকালে নতুন কুঁড়ি স্পোর্টস ক্লাবসহ বেশ কিছু উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করতে সিলেটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে নামার পর প্রথমে তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন।

ঢাকা/মোসাইদ/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়