ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জামায়াত বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬  
জামায়াত বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে আগামীর বাংলাদেশ ইনসাফ ও ন্যায়ের হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। 

তিনি বলেছেন, “জামায়াতের আমির কোনো দলের বিজয় চান না, কোনো পরিবারের বিজয় চান না, কোনো চাঁদাবাজ-দুর্নীতিবাজের বিজয় চান না। তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চান।” 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ শরিফ ওসমান বিন হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে এক পথসভায় এসব কথা বলেন সাদিক কায়েম।

তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের পাশাপাশি তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে। প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করা হবে। ৫০ লক্ষ যুবকের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।” 

ডাকসুর ভিপি বলেন, “বাংলাদেশে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে রায় দিয়েছেন। আশা করব, জাতীয় নির্বাচনেও দেশের মানুষ ইনসাফের পক্ষেই রায় দেবেন।” 

সাদিক কায়েম শহীদ ওসমান হাদির স্মৃতিবিজরিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় হাদির বোন সুলতানা বিন হাদি, ভগ্নিপতি আমির হোসেন এবং ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিমসহ ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শেখ নেয়ামুল করিমের নির্বাচনি প্রচারে অংশ নেন সাদিক কায়েম।

ঢাকা/অলোক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়